সিলেট

টিলাগড়ে যৌথ অভিযান, সোয়া ৩ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২৩ই জুলাই, ২০২৬

টিলাগড়ে যৌথ অভিযান, সোয়া ৩ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

সিলেটে র‌্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে আনুমানিক ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় ওষুধ, কসমেটিকস ও শাড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) সকালে মহানগরীর টিলাগড় ও সুরমা আবাসিক এলাকায় এই অভিযান চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়- শাহপরাণ (রহ.) থানাধীন টিলাগড় এলাকা দিয়ে একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, ওষুধ ও কসমেটিকস নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (সিপিএসসি, সিলেট) এবং বিজিবির একটি যৌথ দল অভিযানে নামে। সকাল সাড়ে আটটার দিকে টিলাগড় এলাকায় সন্দেহভাজন কাভার্ডভ্যানটিকে পিছু ধাওয়া করে যৌথ বাহিনী।

পরবর্তীতে কাভার্ডভ্যানটি কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মালামাল আনলোড করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল সেটিকে আটক করে। পরে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের নিচতলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৩০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ট্যাবলেট, ১০০ পিস শাড়ি, ৮০ পিস ফেসওয়াশ, ১০০ পিস শ্যাম্পু, ২৯ পিস সিরাম এবং ১ হাজার ৭৮৭ পিস বিভিন্ন ব্র্যান্ডের সিরাপ।

আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে উদ্ধারকৃত এসব জব্দকৃত আলামত ৫২ বিজিবি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।