সিলেট
২৩ই জুলাই, ২০২৬
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় কোনো রোগী শনাক্ত না হলেও হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী- মারা যাওয়া শিশুর নাম আয়ান (২)। সে সুনামগঞ্জের ভাদেশ্বর এলাকার নাসির মিয়ার ছেলে। ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে নিয়ে বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১০৮ জন।
সব মিলিয়ে সিলেট বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হামে ও হামের উপসর্গে মৃত্যু এবং মোট আক্রান্তের পরিসংখ্যানে উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে।
জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৫৮০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলাভিত্তিক হিসাবে হবিগঞ্জে সর্বোচ্চ ২৯৬ জন, সিলেটে ১৯৬ জন (মৃত্যু ২), সুনামগঞ্জে ৬১ জন এবং মৌলভীবাজারে ২৭ জন শনাক্ত হয়েছেন।
বর্তমানে সিলেটের বিভাগীয় সদর ও বিভিন্ন উপজেলার জেলা-উপজেলা হাসপাতালে মোট ২৪৮ জন হামে আক্রান্ত ও সন্দেহজনক রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন রোগী ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন রোগী ভর্তি আছেন।
অবশিষ্ট চিকিৎসাধীন রোগীদের মধ্যে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৮ জন, মাউন্ট এডোরা, আইডি হাসপাতাল ও স্মার্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন করে, ফেঞ্চুগঞ্জ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন করে এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি রয়েছেন।