সিলেট
২৪ই অক্টোবর, ২০২৬
প্রতিষ্ঠার ২২ বছর পার হলেও নিজস্ব কোনো প্রশাসনিক ভবন পায়নি হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভা। দুই যুগ ধরে উপজেলা পরিষদ চত্বরের একটি জরাজীর্ণ পরিত্যক্ত গুদামঘরে চলছে এর দাপ্তরিক কার্যক্রম। ফলে একদিকে যেমন ব্যাহত হচ্ছে পৌরসভার স্বাভাবিক প্রশাসনিক কর্মকাণ্ড, অন্যদিকে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালের ২১ জানুয়ারি আজমিরীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে পৌরসভা গঠন করা হয়। তবে বিভক্তির সময় ইউনিয়ন পরিষদের মূল প্রশাসনিক ভবনটি সীমানা জটিলতার কারণে পৌরসভার ভেতরেই রয়ে যায়। বর্তমানে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদর বাজারে অবস্থিত ওই পুরোনো ভবনে চলছে আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম।
অন্যদিকে প্রতিষ্ঠার পর নিজস্ব ভবন না থাকায় উপজেলা পরিষদ চত্বরে বিআরডিবির একটি পরিত্যক্ত গুদামঘর মাসিক ছয় হাজার টাকায় ভাড়া নেয় পৌর কর্তৃপক্ষ। পরে সেটি সংস্কার করে কয়েকটি কক্ষ তৈরি করা হলেও দীর্ঘদিনের ব্যবহারে ভবনটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ২২ বছর ধরে নিজস্ব ভবন না থাকা একটি পৌরসভার জন্য বিব্রতকর। ভবন সংকটের কারণে যেমন সরকারের প্রতি মাসে অর্থ অপচয় হচ্ছে, তেমনি নাগরিক সেবার মানও তলানিতে ঠেকেছে।
স্থানীয় বাসিন্দা নাসির মিয়া জানান, আজমিরীগঞ্জ পৌরসভা কেবল নামেই চলছে। সীমানা জটিলতা ও প্রশাসনিক উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে এখানে নির্বাচনও হচ্ছে না, পৌর ভবনও তৈরি হচ্ছে না।
অপর বাসিন্দা জিহান আহমেদ ও কাউসার আহমেদ জানান, জরাজীর্ণ এই গুদামঘরে ভালো করে বসার মতো পরিবেশও নেই। প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ জনগণ উভয়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত একটি স্থায়ী পৌর ভবন নির্মাণের দাবি জানান তারা।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিজস্ব ভবন নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।