সিলেট
২৩ই অক্টোবর, ২০২৬
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ স্লোগানে সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। এতে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল।
বৃহস্পতিবার নগরের জিন্দাবাজার তাতীপাড়ার দি এইডেড হাইস্কুলের হলরুমে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছয় জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল এবং ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিজ্ঞানের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করে। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে শিরোপা জিতে নেয় স্বাগতিক সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানের কল্যাণে প্রযুক্তি বিশ্বকে অনেক দূর এগিয়ে নিয়েছে। দৈনন্দিন জীবন থেকে আধুনিক সভ্যতার প্রতিটি অগ্রগতিতেই বিজ্ঞানের অবদান রয়েছে। সমাজ ও সভ্যতার জটিল প্রশ্নের সমাধানও বিজ্ঞানের সুনির্দিষ্ট সূত্র ও যুক্তির মধ্যে নিহিত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ ঘটায়, যা ভবিষ্যতে সুসংগঠিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমকাল সিলেট ব্যুরোপ্রধান মুকিত রহমানীর সভাপতিত্বে এবং জেলা সুহৃদ সমাবেশের সভাপতি তামিম রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমকালের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট ডিবেট ফেডারেশনের অফিস সেক্রেটারি সানজিদা সাফা মজুমদার এবং সংগঠনটির অর্গানাইজিং সেক্রেটারি সাদিয়া রহমান অন্তু। বিকেলে বিজয়ী দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমকাল সিলেট ব্যুরোর স্টাফ ফটোসাংবাদিক ইউসুফ আলী, সুহৃদ ও রাজনীতিবিদ তালুকদার মকবুল হোসেন, সমাজসেবী জুরেজ আব্দুল্লাহ গুলজার, সমকালের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংবাদদাতা হাফিজুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল আহসান এবং সমকাল সুহৃদ তানজিনা আক্তার শিরিন, হাবিবুর রহমান তানভীর, জুনায়েদ আহমদ, মাইন উদ্দিন, মুনিরা রহমানী মাহা, আহমদ আব্দুল্লাহ সিনদীদ ও আহমদ ইবাদ উল্লাহ যাকওয়ানসহ অনেকে।