সিলেট
২২ই অক্টোবর, ২০২৬
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনজন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
এসময় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮) এবং তাদেরকে পাচারকারী দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির।
সুনামগঞ্জ-বিজিবি জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমার দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিজিবি আরও জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার সময় আটক করা হয়।
এ সময় স্থানীয় আরও দুই ব্যক্তি অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি। আটক আমির, আবুল হোসেন ও ফাতেমাকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসসি