লিড
১২ই মে, ২০২৬
সিলেটে ৪ বছর বয়েসি ফাহিমা আক্তারকে নৃশংসভাবে যৌন নির্যাতন করে হত্যার ঘটনার রেশ কাটার আগেই সিলেটে ঘটেছে গণধর্ষণের ঘটনা। এক প্রতিবন্ধী নারীকে মাজার থেকে ফুসলিয়ে নিয়ে এসে মহানগরের আম্বরখানা এলাকার একটি বাসায় ৩ জন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পরে জনতা দুজনকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।
আটক দুজন হলেন- আতিকুর রহমান ও ওই বাসার কেয়ারটেকার।
জানা গেছে, সাতক্ষীরার প্রতিবন্ধী নারী গতকাল সোমবার (১১ মে) সিলেটের শাহপরাণ মাজারে আসেন। রাতের বেলা তাকে আতিকুর রহমান ফুসলিয়ে আম্বরখানা এলাকার লোহারপাড়াস্থ একটি বাসায় নিয়ে যান এবং বাসার কেয়ারটেকার এবং যে সিএনজিচালিত অটোরিকশা করে নারীকে নিয়ে আসা হয় সেটির চালকসহ এ তিনজন মিলে রাতভর ধর্ষণ করেন।
সকালে এদের মধ্য থেকে অটোরিকশাচালক চলে যান। তবে বাকি দুজনকে জনতা আটক করে।
খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে।
দুজনকে আটকের বিষয়টি সচিত্র সিলেটকে নিশ্চিত করেছেন র্যাব-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি বলেন- আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অটোরিকশাচালককে ধরতে আমাদের অভিযান চলছে।