নির্বাচিত সংবাদ
২১ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে জাতীয় সংসদের দুইজন মাননীয় সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার।
মনোনীত সংসদ সদস্যরা হলেন, সিলেট-৩ (২৩১) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং সিলেট-৬ (২৩৪) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’-এর ১৯(১)(ঘ) ধারা মোতাবেক স্পিকার কর্তৃক তাঁদেরকে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা তাজ রীন তন্বী স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।