নির্বাচিত সংবাদ

৩৪ দিনে শাহজালাল মাজারে প্রায় ৯০ লাখ টাকা দান

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

১৯ই সেপ্টেম্বর, ২০২৬

৩৪ দিনে শাহজালাল মাজারে প্রায় ৯০ লাখ টাকা দান

সিলেটের পবিত্র হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও মানতের ডেগচি থেকে এবার ৪ বস্তা টাকা পাওয়া গেছে। সর্বশেষ ১৫ আগস্ট টাকা গণনার পর প্রায় ৩৪ দিন বিরতির পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রশাসনের উপস্থিতিতে এই দানবাক্সগুলো খোলা হয়। গণনা শেষে মিলে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা।

চলতি বছরে এটি মাজারের দানবাক্স খোলার চতুর্থ ঘটনা। এর আগে গত ২২ জুন প্রথম, ১১ জুলাই দ্বিতীয় এবং ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্সগুলো খোলা হয়েছিল। আগের তিন দফায় মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩২৪ টাকা জমা হয়েছিল।

শনিবার টাকা গণনার সময় সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা প্রশাসন ও মাজার কমিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নগদ টাকার পাশাপাশি দানবাক্সে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার পাওয়া গেছে।

গণনা শেষে সমস্ত অর্থ প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখা হচ্ছে।