টপ-১

সিলেটজুড়ে র‌্যাবের অভিযান, জালে ৯ জন

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২৬ই জুলাই, ২০২৬

সিলেটজুড়ে র‌্যাবের অভিযান, জালে ৯ জন

সিলেট বিভাগজুড়ে অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ব্যবসায়ী এবং হত্যা মামলার দুই আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সিলেট মেট্রোপলিটন এলাকার শাহপরাণ ও দক্ষিণ সুরমা এবং যৌথ অভিযানে নেত্রকোনা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শাহপরাণে চার অনলাইন জুয়াড়ি গ্রেফতার :
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় র‍্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের খাদিম চৌমহনী পয়েন্ট এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে অনলাইন জুয়া খেলার চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বিমানবন্দর থানার খাদিম চা বাগান এলাকার দীপ্ত চাষা (২১), অজয় কল (২৬), পাপলু তন্তবায় (২৬) এবং অন্তর নায়েক (২০)।

র‍্যাব জানায়, আসামিরা বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা ৪টি স্মার্টফোনে জুয়া খেলার প্রচুর আলামত পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণ সুরমায় মাদকসহ ৩ কারবারি আটক :
শনিবার দিবাগত (২৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৯ এর আরেকটি দল দক্ষিণ সুরমার ভার্থখলা মসজিদ মার্কেটের পেছনে নদীর তীরে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মো. আকবর হোসেন (৩৮), হবিগঞ্জের চুনারুঘাট এলাকার মো. মোতালিব মিয়া (২২) এবং ময়মনসিংহের ভালুকা এলাকার মো. সাহিন (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের জিম্মায় রেখেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দিয়ে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার ক্লুলেস হত্যা মামলার আরও ২ আসামি নেত্রকোনা থেকে গ্রেফতার :
ব্যবসায়িক বিরোধের জেরে কুমিল্লার বুড়িচংয়ে আগুনে পুড়িয়ে এনামুল হক (২৯) নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার দিবাগত (২৬ জুলাই) রাত ৩টার দিকে র‍্যাব-৯ (শ্রীমঙ্গল ক্যাম্প) ও র‍্যাব-১৪ (ময়মনসিংহ) যৌথ অভিযান চালিয়ে নেত্রকোনার কেন্দুয়া থানার দলপা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী এলাকার কনক মিয়া ও তার স্ত্রী সাগরিকা হিজরা।

জানা যায়, ব্যবসায়িক বিরোধের জেরে গত ১৩ মে আসামিরা এনামুলকে ডেকে নিয়ে বুড়িচংয়ের একটি টিনশেড ঘরে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, গতরাতে গ্রেফতারের পর দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১০ জুলাই এই মামলার এজাহারনামীয় ১ জন আসামিকে গ্রেফতার করেছিল র‍্যাব-৯।