খেলা
১৪ই জুলাই, ২০২৬
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন. দৈনিক আগামীর সময় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এমন একটি জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এটি শুধু খেলাধুলার প্রতি আগ্রহই বাড়াবে না, বরং তরুণদের জ্ঞানচর্চা, ইতিবাচক প্রতিযোগিতা এবং সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
‘আগামীর সময় আগামীর কথাই বলবে’ মন্তব্য করে তিনি জানান শুধু বিশ^কাপ নয় সবক্ষেত্রে পত্রিকাটি এগিয়ে থাকবে এবং এগিয়ে যাবে এটা আমি প্রত্যাশা করি।’
রোববার (১২ জুলাই) রাতে সিলেট অফিসে আলপাইন রেস্টুরেন্ট-আগামীর সময় প্রতিদিনের কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আগামীর সময়ের আবাসিক সম্পাদক আহমেদ নূরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট অফিসের মাল্টিমিডিয়া রিপোর্টার আজাদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।
আয়োজনে গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত্র প্রতিদিনের কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
পুরস্কার বিতরণ শেষে আলপাইন রেস্টুরেন্ট-আগামীর সময় প্রতিদিনের কুইজের ১১ জুলাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীর কুপন উত্তোলন করেন সিসিক প্রশাসক। এই কুইজের বিজয়ী নির্বাচিত হন সিলেটের মেন্দিবাগ এলাকার মো. শাহাদাত।
প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আরও বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি জাতি গঠনের শক্তিশালী হাতিয়ার। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ কওে তিনি জানান তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন নতুন ক্রীড়া অবকাঠামো নির্মাণ, খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি- এসব কার্যক্রম ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিচ্ছে। আমরা বিশ্বাস করি, এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে আরও গৌরব অর্জন করবে।
তিনি জানান, সিলেট সিটি করপোরেশনও খেলাধুলাকে সবসময় উৎসাহিত করে। বিভিন্ন ক্রীড়া আয়োজন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ঠে আমরা সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নগরবাসীর জন্য নগর ভবন প্রাঙ্গণে জায়ান্ট এলইডি স্ক্রিন স্থাপন করেছে সিসিক, যাতে সবাই একসঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেন। এটি শুধু খেলা দেখার আয়োজন নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিরও একটি উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক আগামীর সময়কে অভিনন্দন জানিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষতা ও পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে পত্রিকাটি সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সকল বিজয়ীকে আন্তরিক অভিনন্দন এবং স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান সিসিক প্রশাসক।