জীবন

নির্ভাবনা থেকে হয়ে যাওয়ার গল্প...

Icon
কানিজ ফাতেমা সোমা

২৬ই জুন, ২০২৬

নির্ভাবনা থেকে হয়ে যাওয়ার গল্প...

আমি অতি সাধারণ। কখনও ভাবিনি এমন একটা প্ল্যাটফর্মের সাথে এভাবে জড়িয়ে যাব। গল্পটা অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে। তবুও নিজের পরিচয় এই গ্রুপে তুলে ধরার জন্য গল্পটা বলা উচিত। তার আগে কয়েকটা কথা না বললেই নয়। আমি ছোটবেলা থেকে আবৃত্তি করতাম। একবার নজরুল এবং রবীন্দ্র জয়ন্তী উৎসবের একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। জয়ী হয়ে পুরষ্কারও পেয়েছিলাম। পরবর্তীতে বিচারক প্যানেলে থাকা শ্রদ্ধেয় শরীফ মজুমদার ভাই তার আবৃত্তি সংগঠনে যুক্ত হতে বললেন। তারই আহ্বানে একটা কর্মশালায় যোগদান করে অনেক কিছু শিখলাম। সেই কর্মশালায় ভাস্বর বন্দোপাধ্যায় ছিলেন প্রধান অতিথি। আরও অনেক গুণিজন উপস্থিত ছিলেন।

এরপর ২০০৭ সালে কণ্ঠসাধনে আমি এবং আমার ইমিডিয়েট ছোটভাই নিয়মিত যাওয়া শুরু করি। খুব ভালো একটা সময় কাটিয়েছি।

এরপর দীর্ঘ একটা সময় আবৃত্তি থেকে দূরে ছিলাম। ২০১৯ সালে যখন করোনা মহামারী এলো, তখন অনলাইনে শরীফ ভাইয়া আবারও একটা অনুষ্ঠানে যুক্ত হতে বললেন। দীর্ঘ বারো বছর পর আমি আবৃত্তি করতে গিয়ে অনুভব করলাম, চর্চার অভাবে আমার ভেতরে এক প্রকার জড়তা দানা বেঁধেছে।

তবে ধীরে ধীরে কাটিয়ে উঠলাম। এরই মাঝে ফ্রেন্ডলিস্টে থাকা একজন ভাইয়া ফেসবুকে পোস্ট করেছিলেন, যার সারমর্ম ছিল, উনি সয়ামিট রান্না করে খেয়েছেন, তেমন ভালো লাগেনি।

এদিকে বিশ্ববিদ্যালয় জীবনে সয়ামিট আমার পছন্দের একটা খাবার ছিল। তো কী ভেবে আমি ঐ ভাইয়াকে মেসেজে সয়ামিট রান্নার প্রসেসটা ভয়েস মেসেজ পাঠালাম। সত্যি বলতে আমার আসলে টাইপ করার মতো অবস্থা ছিল না। আমার ছেলেটা তখন অনেক ছোট। তাই ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম।

সে যাগগে, উনি ভয়েস মেসেজটা শুনে ধন্যবাদ জানালেন এবং একইসাথে এও বললেন, আপনার ভয়েস কোয়ালিটি ভালো। আপনি চাইলে ভয়েসওভার করতে পারেন। সেদিনই প্রথম ভয়েস আর্টিস্ট গ্রুপের সাথে আমার পরিচয়। সামান্য একটা লাইন আমার জন্য কত বড় মাপের অনুপ্রেরণা ছিল তা বলে বোঝাতে পারব না।

ভাইয়া, আজ এই পোস্টের মাধ্যমে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অনেকের কাছেই তিনি সুপরিচিত। Md. Esha Dastogir ভাইয়া, এই প্ল্যাটফর্মে আপনিই আমার মেন্টর। যদিও ঐ দিনের পর আর কখনও আপনার সাথে কথা হয়নি।

জীবনে ভয়েসওভারটাকে প্রফেশন হিসেবে নেব তা কল্পনাতেও ভাবিনি।

আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে যত দ্রুত সম্ভব ভয়েস ডেলিভারি দেয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত ভালো, মন্দ মিলিয়ে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। সবকিছুকে সাথে নিয়েই আপনাদের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই।

সবার জন্য শুভকামনা।