বিনোদন
২৫ই জুন, ২০২৬
মা হওয়া সহজ কথা নয়। এক মুহূর্তে বদলে যায় প্রতিটি মেয়ের জীবন। ঠিক একইভাবে ২০২৪ সালের শেষের দিকে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবনে এসেছে বড় পরিবর্তন। বদলেছে তার অগ্রাধিকার। একের পর এক কাজ হাতছাড়া হলেও তার নেই কোনো চিন্তা। বরং জীবনের এই সুন্দর সময়ের প্রতি অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ তিনি। তবে এই যাত্রায় সবচেয়ে বেশি যা বদলেছে, তা হলো অভ্যাস। কন্যা দুয়ার পর এখন নতুন এক সদস্যের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা। মা হওয়ার পর অনেক কিছু নতুন করে শিখেছেন তিনি।
যার মধ্যে অন্যতম রাতে ঘুমানোর ক্ষেত্রে। হাত-পা ছুড়ে বিছানা জুড়ে ঘুমিয়ে থাকা দীপিকা সন্তান হওয়ার পর নতুন স্টাইল রপ্ত করেছেন। সম্প্রতি একটি ছবি শেয়ার করে নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন দীপিকা। ছবিতে দেখা যায়, ছোট্ট কুকুরছানা একেবারে মায়ের গায়ের সঙ্গে লেগে রয়েছে। এমনই অবস্থা যে মা কুকুরের নড়াচড়ার কোনো সুযোগই নেই। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, কীভাবে আপনি ঘুমিয়েছেন গত রাতে? সন্তান আর আমি এভাবেই শুয়েছি।
ছবিটি শেয়ার করে দীপিকা বুঝিয়েছেন, এখন তার পরিস্থিতিও ঠিক এমনই। এর আগে বহু সাক্ষাৎকারে দীপিকাকে বলতে শোনা গেছে, মেয়ের সব কাজ নিজের হাতে করতেই ভালোবাসেন দীপিকা। শুধু তাই নয়, সর্বক্ষণ নিজের কাছেই আগলে রাখেন একরত্তিকে। মা ও সন্তানের এমন কাছাকাছি থাকা, তাদের সম্পর্কের বাঁধন শক্ত করবে বলে মত দীপিকার।
আপলোড : আব্দুল খালিক