মতামত
২৫ই জুন, ২০২৬
আমাদের দেশে ভাজাপোড়া খাবার খুবই জনপ্রিয়। সকালে পুরি, দুপুরে ভাজি, বিকেলে সিঙ্গারা-সমুচা, রাতে ফাস্টফুড ভাজা খাবার ছাড়া যেন অনেকের চলেই না। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই কমবেশি এসব খাবার খেতে পছন্দ করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, যে তেলে এসব খাবার ভাজা হচ্ছে সেই তেল কতটা নিরাপদ?
অনেক সময় দোকান বা হোটেলে একই তেল বারবার ব্যবহার করা হয়। আবার অনেক পরিবারেও খরচ বাঁচানোর জন্য একবার ব্যবহৃত তেল পরে আবার রান্নায় ব্যবহার করা হয়। তেল বারবার গরম হতে হতে কালচে হয়ে যায়, ঘন হয়ে যায় এবং একসময় পুড়ে যায়। অনেকের কাছে এটি স্বাভাবিক বিষয় মনে হলেও, জনস্বাস্থ্যের দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা।
পোড়া তেল বলতে কী বোঝায়?
সহজ ভাষায় বলতে গেলে, তেল যখন বারবার গরম করা হয় বা অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে শুরু করে, তখন সেটিকে পোড়া তেল বলা যায়। এই অবস্থায় তেলের গুণগত মান নষ্ট হয়ে যায়। তেল আর আগের মতো নিরাপদ থাকে না।
একটি সহজ উদাহরণ দিই।
সকালে সিঙ্গারা ভাজার জন্য একটি কড়াইয়ে তেল দেওয়া হলো। এরপর সেই একই তেলে সমুচা, আলুর চপ, বেগুনি, চিকেন ফ্রাই সারাদিন নানা খাবার ভাজা হলো। এভাবে বারবার গরম হওয়ার কারণে তেলের গুণাগুণ কমতে থাকে।
কেন এটি ক্ষতিকর :
আমাদের শরীরের প্রতিটি অঙ্গ ভালো খাবারের ওপর নির্ভর করে। যখন আমরা অস্বাস্থ্যকর খাবার খাই, তখন শরীরের ওপর ধীরে ধীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
পোড়া তেল বা বারবার ব্যবহার করা তেলে রান্না করা খাবার নিয়মিত খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। ওজন বেড়ে যেতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন হতে পারে। লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। হজমের সমস্যা হতে পারে। এসব সমস্যা একদিনে হয় না। এছাড়া ধীরে ধীরে বছরের পর বছর ধরে শরীরে প্রভাব ফেলতে পারে।
একটি বাস্তব ঘটনা :
প্রাথমিক স্বাস্থ্যসেবার কাজ করতে গিয়ে প্রায়ই দেখা যায়, অনেক মানুষ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ নিয়ে স্বাস্থ্যসেবা নিতে আসেন।
যখন তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন দেখা যায় অনেকেই নিয়মিত ভাজাপোড়া খাবার খান।
অবশ্যই শুধু পোড়া তেল কোনো রোগের একমাত্র কারণ নয়। তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি।
শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি :
বর্তমানে শিশুদের অনেকেই চিপস, ফাস্টফুড, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এবং বিভিন্ন ভাজা খাবার খেতে পছন্দ করে। বেশিরভাগ ক্ষেত্রে তারা জানে না খাবারটি কীভাবে তৈরি হয়েছে বা কোন তেল ব্যবহার করা হয়েছে। শিশুকাল থেকেই যদি অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়ার অভ্যাস তৈরি হয়, তাহলে ভবিষ্যতে স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। তাই বাবা-মায়ের উচিত শিশুদের স্বাস্থ্যকর খাবারের প্রতি উৎসাহিত করা।
কীভাবে বুঝবেন তেল ভালো নেই?
কিছু সাধারণ লক্ষণ দেখে সহজেই বোঝা যায়
✔ তেলের রং কালো বা গাঢ় হয়ে গেছে।
✔ তেল ঘন হয়ে গেছে।
✔ তেল থেকে অস্বাভাবিক গন্ধ আসছে।
✔ গরম করার সময় প্রচুর ধোঁয়া বের হচ্ছে।
✔ ভাজা খাবারের স্বাদ অস্বাভাবিক লাগছে।
এ ধরনের তেল ব্যবহার করা থেকে বিরত থাকা ভালো।
আমরা কী করতে পারি?
খুব কঠিন কিছু নয়। ছোট ছোট কয়েকটি অভ্যাস আমাদের সুস্থ রাখতে সাহায্য করতে পারে।
১. একই তেল বারবার ব্যবহার করবেন না। যতটা সম্ভব একবার ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার না করাই ভালো।
২. তেল অতিরিক্ত গরম করবেন না। তেল থেকে ধোঁয়া বের হওয়া শুরু করলে বুঝতে হবে তেল অতিরিক্ত গরম হয়ে গেছে ।
৩. ভাজাপোড়া খাবার কম খান। প্রতিদিন নয়, মাঝে মাঝে খান।
৪. ঘরে তৈরি খাবার বেশি খান। বাড়ির রান্না সাধারণত বেশি নিরাপদ।
৫. ফল ও শাকসবজি বেশি খান। এসব খাবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
খাদ্য বিক্রি মানে শুধু ব্যবসা নয় মানুষের স্বাস্থ্যও এর সঙ্গে জড়িত। ফলে দোকানদার ও ব্যবসায়ীরাও নিজেদের জায়গায় স্বচ্ছ থাকবেন।
বাংলাদেশে বর্তমানে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী বাড়ছে। এসব রোগের পেছনে খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে। আমরা যদি এখন থেকেই সচেতন হই, তাহলে ভবিষ্যতে অনেক স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব।
পোড়া তেলের খাবার হয়তো মুখে সুস্বাদু লাগে, কিন্তু সব সুস্বাদু খাবার স্বাস্থ্যকর নয়। অনেক সময় সাময়িক স্বাদের জন্য আমরা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি ডেকে আনি।
আসুন, আমরা নিজেরা সচেতন হই, পরিবারকে সচেতন করি এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি।
মনে রাখবেন এক প্লেট ভাজাপোড়া খাবারের স্বাদ কয়েক মিনিটের, কিন্তু সুস্বাস্থ্যের মূল্য সারা জীবনের।
লেখক: প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ (পুষ্টি ও স্বাস্থ্য)।
আপলোড : আব্দুল খালিক