সিলেট
১৩ই জুন, ২০২৬
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহসিনা রুশদির লুনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাহিদ বিন কাশেম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাওসার খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস।
এদিন উপজেলার প্রাথমিকভাবে ৮০ জন দুস্থ, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে সহায়তা কার্ড বিতরণ করা হয়। প্রধান অতিথি তাহসিনা রুশদির লুনা নিজ হাতে উপকারভোগীদের মাঝে কার্ড প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদির লুনা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রত্যেক নাগরিকের পাশে রয়েছেন। যোগ্য ও প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে যথাসময়ে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। আমরা মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করেছি। ইতোমধ্যে ৮০ জনকে বাছাই করে মানবিক সহায়তা ও নগদ অর্থ প্রদানের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, “আপনারা ধৈর্য ধরুন। বিশ্বনাথের উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আরও উন্নয়ন ও সহায়তা এনে জনগণের হাতে পৌঁছে দেব।”
মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি লক্ষ্য করা যায়। উপজেলার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের এ উদ্যোগকে তারা স্বাগত জানান।
রিপোর্ট: এস এ সাব্বির আহমদ
আপলোড: শিউলি