সাধারণ

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ, ক্ষুদে বিজ্ঞানীদের সম্মাননা প্রদান

Icon
বিশ্বনাথ প্রতিনিধি: 

১৩ই জুন, ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ, ক্ষুদে বিজ্ঞানীদের সম্মাননা প্রদান

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা কর্তৃক পরিচালিত এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-SEDP এর আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন দুপুর আড়াইটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বি. কাশেম। অনুষ্ঠান পরিচালনা করেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান ও একাডেমি সুপারভাইজার আব্দুল হামিদ।
মেলার স্টোল ঘুরে দেখে 

প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদির লুনা বলেন, শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রাখতে হবে যাতে তারা কোনোভাবেই মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, “সিলেট অঞ্চলের মধ্যে বিশ্বনাথ ও ওসমানীনগর শিক্ষা ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে। এর অন্যতম কারণ বিদেশ নির্ভরতা। শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা অর্জনের পর বিদেশে যাবে, তবে আগে নিজেদের শিক্ষাগত ভিত্তি মজবুত করতে হবে।”

এমপি আরও বলেন, “আমি ইতোমধ্যে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি যাতে এই দুই উপজেলার শিক্ষা খাতে উন্নয়ন করা যায়। অনেকেই ভবন ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন। আমি বলেছি, আগে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে, তারপর অবকাঠামোগত উন্নয়নের বিষয় বিবেচনা করা হবে।”

তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, অনেক প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ সমস্যা সমাধানে তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি তুলে ধরবেন বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্পের ভূয়সী প্রশংসা করে তাদের আরও গবেষণামূলক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এমপি লুনা।
এসময় ক্ষুদে বিজ্ঞানীদের সম্মাননা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে দেওকলস উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাওছার খান, মহিলা নেত্রী ও আহ্বায়ক বিলকিস বেগম, এমপির একান্ত সচিব মঈনুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

 

রিপোর্ট: এস এ সাব্বির আহমদ
আপলোড: শিউলি