জীবন
২৭ই আগস্ট, ২০২৬
প্রতিদিন টমেটো খেলে ফ্যাটি লিভারে জমে থাকা চর্বি কমতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত টমেটো খাওয়া ব্যক্তিদের লিভারে চর্বির পরিমাণ অন্যদের তুলনায় বেশি কমেছে।
যুক্তরাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে (এনএএফএলডি) আক্রান্ত। স্থূলতা, উচ্চ কোলেস্টেরল ও টাইপ-২ ডায়াবেটিসের মতো সমস্যার সঙ্গে এ রোগের সম্পর্ক রয়েছে। কিছু ক্ষেত্রে ফ্যাটি লিভারের কারণে লিভারে প্রদাহ ও ক্ষত তৈরি হতে পারে। গুরুতর অবস্থায় এটি লিভার বিকল হওয়ার কারণও হতে পারে।
যেভাবে করা হয় গবেষণা
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজির গবেষকেরা ফ্যাটি লিভারে আক্রান্ত ৭৯ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে গবেষণাটি পরিচালনা করেন। অংশগ্রহণকারীদের সবার বিএমআই ছিল ৩০ বা এর কম।
তাদের দুই দলে ভাগ করা হয়। একটি দলের সদস্যদের ছয় সপ্তাহ প্রতিদিন ২০০ গ্রাম কাঁচা টমেটো খেতে দেওয়া হয়, যা প্রায় একটি বড় টমেটোর সমান। পাশাপাশি তারা ৫০ গ্রাম টমেটো সসও খান।
অন্য দলকে টমেটো বাদ দিয়ে খাবার খেতে দেওয়া হয়। ছয় সপ্তাহ পর বিশেষ ধরনের স্ক্যানের মাধ্যমে অংশগ্রহণকারীদের লিভারে জমে থাকা চর্বির পরিমাণ পরীক্ষা করা হয়।
টমেটো খাওয়া দলে বেশি কমেছে লিভারের চর্বি
গবেষণায় দেখা যায়, ছয় সপ্তাহে দুই দলেরই লিভারে জমা চর্বির পরিমাণ কমেছে। তবে টমেটো খাওয়া দলের ক্ষেত্রে কমার হার ছিল বেশি। গবেষণার শুরুতে যে পরিমাণ চর্বি ছিল, তার তুলনায় প্রতিদিন টমেটো খাওয়া দলের লিভারে চর্বি প্রায় ১১ শতাংশ কমে যায়। অন্যদিকে, টমেটো না খাওয়া দলের ক্ষেত্রে কমার হার ছিল প্রায় ৬ শতাংশ।
গবেষকদের মতে, নিয়মিত টমেটো খাওয়ার সঙ্গে লিভারের স্বাস্থ্যের ইতিবাচক সম্পর্ক থাকতে পারে। তবে টমেটো সরাসরি লিভারের চর্বি কমায় কি না, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
গবেষণাটি ‘নিউট্রিয়েন্টস’ জার্নালে প্রকাশিত হয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণাটিতে অর্থায়ন করেছে।
তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই গবেষণার ফলাফল থেকে এমনটা বলা যায় না যে শুধু টমেটো খেলেই ফ্যাটি লিভার প্রতিরোধ বা চিকিৎসা করা সম্ভব। টমেটো খাওয়ার সঙ্গে লিভারে চর্বি কমার সম্পর্ক আরও ভালোভাবে বুঝতে বৃহত্তর পরিসরে গবেষণা প্রয়োজন।
আপলোড : আব্দুল খালিক