বিনোদন
২৬ই আগস্ট, ২০২৬
বিয়ের পরিকল্পনা নিয়ে ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানেই একজন ভক্ত তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা মজার ছলে বলেন, এই প্রশ্নের উত্তর আপনি আর আমি দুজনেই খুঁজতে থাকব।
সুস্মিতার ব্যক্তিজীবনে বিয়ে ও একা থাকার সিদ্ধান্ত নিয়ে বহুবার আলোচনা হয়েছে। বিভিন্ন সময়ে নিজের সম্পর্ক ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
২০২২ সালে টুইঙ্কল খান্নার সঙ্গে ‘টুইক ইন্ডিয়া’র ‘দ্য আইকনস’ অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গে কথা বলেছিলেন সুস্মিতা। সেখানে তিনি জানান, জীবনে বেশ কয়েকজন খুবই আকর্ষণীয় ও চমৎকার পুরুষের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তবে কোনো সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ের দিকে এগোয়নি।
এর কারণ হিসেবে সুস্মিতা বলেছিলেন, ওই সম্পর্কগুলোতে পুরুষেরা তাকে হতাশ করেছেন। তবে তিনি কখনোই নিজের সন্তানদের জীবনে সেই সম্পর্কগুলোর নেতিবাচক প্রভাব পড়তে দেননি বলেও জানিয়েছিলেন।
সুস্মিতা সেনের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই রয়েছে। বিশেষ করে তার বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তবে এবারও সরাসরি কোনো পরিকল্পনার কথা না জানিয়ে রসিকতার মাধ্যমে বিষয়টি এড়িয়ে গেছেন অভিনেত্রী।
বর্তমানে সুস্মিতা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে নিয়মিত নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি তাঁর লাইভ সেশনেও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেখানে বিয়ের প্রশ্নটি উঠে এলে সুস্মিতার সংক্ষিপ্ত কিন্তু মজার উত্তরটি ভক্তদের নজর কাড়ে।
তথ্যসূত্র: এনডিটিভি
আপলোড : আব্দুল খালিক