সাহিত্য
০৮ই জুলাই, ২০২৬
"ঠোঁটের ভাষায় কবিতা লিখুন" আন্দোলনের স্বপ্নদ্রষ্টা,সিলেট লেখিকা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিতা পত্রিকা কবি সংলাপের সম্পাদিকা কবি লায়লা রাগিবের ৪০ তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার। ১৯৮৬ সালের ৯ জুলাই সত্তর দশকের এই আধুনিক কবি মাত্র ত্রিশ বছর বয়সে অকালে মৃত্যু বরন করেন।
কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কবি লায়লা রাগিব স্মৃতি সংসদের এক সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে কবির মৃত্যু বার্ষিকীতে পরিবারের উদ্যোগে আজ বৃহস্পতিবার বাদ আসর নগরের কাজিরবাজারে কবির কবর জেয়ারত, দোয়া মাহফিল, শিরনী বিতরণ।
এদিকে,কবি লায়লা রাগিব স্মৃতি সংসদ'র উদ্যোগে স্মরণ সভা আগামী ১১ জুলাই শনিবার সন্ধ্যে সাড়ে সাতটায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস'র সাহিত্য আসর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী উপস্থিত থাকবেন।
এছাড়াও মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক নন্দলাল শর্মা, বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ কবি কালাম আজাদ, সাহিত্যিক জামান মাহবুব, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল ও সিলেট লেখিকা সংঘের সভাপতি কবি রওশন আরা চৌধুরী উপস্থিত থাকবেন।
এতে প্রবন্ধ উপস্থাপন করবেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।
এতে সিলেটের কবি-সাহিত্যিকগণসহ সকলের উপস্থিতির জন্যে কবি লায়লা রাগিব স্মৃতি সংসদের সভাপতি বেলাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাউসার চৌধুরী অনুরোধ জানিয়েছেন।