সাহিত্য
২৫ই জুন, ২০২৬
নীরবতা এক শব্দ বটে
অঙ্কন: নিয়াজ চৌধুরী তুলি
কবিতা দাঁড়ায় ঝোড়ো তাণ্ডব
খাণ্ডব দাহ যখন হৃদয়ে।
শব্দবীজের বীজতলায় বেড়ে ওঠে ক্রমে
কবিতার চারা,
কবিতা-বিনাশী দস্যু-তাতার
অজ্ঞতাবশে দ্যায় যে সাঁতার বিপরীত স্রোতে,
মুক্ত অস্ত্র জ্বলে ওঠে তার কাপালিক-হাতে,
মেধাবী কবির চৈতন্যের শেকড়-বাকড়ে
ভীষণ নাড়া।
রক্তপাত ও যুদ্ধে
দেয় কি সাড়া বুদ্ধে?
শব্দই কবিতার রঙ,
শব্দই জনযুদ্ধের হাতিয়ার,
শব্দ কি নীরবতায় ডুবে যায়?
নীরবতা এক শব্দ বটে
অলিখিত কবিতার।
আপলোড : আব্দুল খালিক