দেশ
০২ই মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ফ্লাইটে সিলেটে এসে পৌঁছেছেন। সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী
সচিত্র সিলেট রিপোর্টার :
আজ শনিবার (২ মে) সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে এসে পৌঁছেছেন।
সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এখন তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। সিলেটে তাঁর শ্বশুরবাড়ি।
মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।