নির্বাচিত সংবাদ

হাসনাত আব্দুল্লাহ-ইকবাল হোসেনের বৈঠক, সিলেটের যে উপজেলার উন্নয়ন নিয়ে আলোচনা

Icon
সচিত্র সিলেট ডেস্ক :

১৩ই জুন, ২০২৬

হাসনাত আব্দুল্লাহ-ইকবাল হোসেনের বৈঠক, সিলেটের যে উপজেলার উন্নয়ন নিয়ে আলোচনা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সিলেটের বিশ্বনাথ পৌর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের এক গুরুত্বপূর্ণ বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা, প্রবাসীদের ভূমিকা এবং বিশ্বনাথ উপজেলার উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে ইকবাল হোসেন বিশ্বনাথ পৌরসভা ও উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়নের চাহিদা এবং সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বিশ্বনাথকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও মতামত ব্যক্ত করেন।

হাসনাত আব্দুল্লাহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে স্থানীয় নেতৃত্বকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন ভাবনা, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণ সমাজের ভূমিকা এবং বিশ্বনাথের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের বিষয়েও আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উভয় নেতা জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ বৈঠক বিশ্বনাথে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি উন্নয়ন ভাবনাকে নতুন মাত্রা দিতে সহায়ক ভূমিকা রাখবে।