প্রযুক্তি
১৩ই আগস্ট, ২০২৬
কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের এই অ্যাপে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণের পাশাপাশি দর্শক বাড়ানোর কৌশল সম্পর্কেও পরামর্শ পাবেন।
ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলকভাবে চালানোর পর বুধবার অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন অ্যাপের অন্যতম প্রধান সুবিধা হলো এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট। এটি নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকদের আগ্রহ এবং আগের কনটেন্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিভেদে পরামর্শ দেবে।
কনটেন্টের পারফরম্যান্স জানতে এখন আর বিভিন্ন পরিসংখ্যান আলাদাভাবে ঘেঁটে দেখতে হবে না। অ্যাপ থেকেই জানা যাবে, দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়ার সম্ভাবনা রয়েছে, কোন পোস্ট ভালো পারফর্ম করছে এবং দর্শকের প্রতিক্রিয়া কেমন। নির্মাতারা চাইলে এআই সহকারীকে সরাসরি প্রশ্ন করেও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
মন্তব্য ব্যবস্থাপনাতেও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে অ্যাপটি। পরে নির্মাতারা প্রয়োজন অনুযায়ী সেই উত্তর পরিবর্তন করে প্রকাশ করতে পারবেন।
প্রতিদিন অ্যাপ খুললে নির্মাতাদের সামনে একটি অগ্রাধিকারভিত্তিক তালিকা থাকবে। সেখানে সাম্প্রতিক পোস্টগুলোর পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি এবং যেসব মন্তব্যের জবাব দেওয়া জরুরিÑএসব তথ্য একসঙ্গে দেখা যাবে।
ফেসবুকের এই উদ্যোগকে কনটেন্ট নির্মাতাদের জন্য বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নির্মাতাদের ফেসবুকে আরও সক্রিয় রাখাই এর অন্যতম লক্ষ্য। পাশাপাশি কনটেন্ট তৈরি ও বিশ্লেষণের জন্য বাইরের এআই টুলের ওপর নির্মাতাদের নির্ভরতা কমাতেও অ্যাপটি ভূমিকা রাখতে পারে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য দেশেও অ্যাপটির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আপলোড : আব্দুল খালিক